
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ৮ হাজার ৮১০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মালবাহী পিকআপ ও একটি বাটন মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বিজিবি জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর দমদমিয়া বিওপি চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মালবাহী পিকআপে নিয়মিত তল্লাশি চালানো হয়। এ সময় বিজিবির স্নিফার ডগ ‘চেরী’ মাদকের উপস্থিতির ইঙ্গিত দিলে গাড়িটি বিস্তারিত তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে চালকের আসনের সামনের ড্যাশবোর্ডের ভেতরে কাপড়ে মোড়ানো অবস্থায় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮ হাজার ৮১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকআপের চালক ও তার সহযোগীকে আটক করা হয়।
আটকরা হলেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কুমিদার গ্রামের মো. নুর ইসলাম (৪২) ও মো. রুবেল (২৫)। জব্দ করা ইয়াবা, পিকআপ ও মোবাইল ফোনের আনুমানিক সিজার মূল্য ৫৬ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটক দুই আসামি এবং জব্দকৃত আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।